শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

তুরস্ক সফরে যাচ্ছে ১৫ সদস্যের সরকারি প্রতিনিধি দল, নেতৃত্বে ইআরডি সচিব

২২ থেকে ২৮ নভেম্বর সাত দিনের সফরে আঙ্কারায় শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশি কর্মকর্তারা।

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন খাতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আগামী ২২ থেকে ২৮ নভেম্বর সাত দিনের সফরে যাচ্ছে বাংলাদেশের ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দল। তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থার (টিকা) উদ্যোগে এবং তুরস্ক সরকারের সহযোগিতায় সফরের আয়োজন করা হয়েছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী। দলে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, জনপ্রশাসন এবং অর্থনৈতিক উন্নয়নসংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা থাকবেন।

সফরকালে রাজধানী আঙ্কারায় তুরস্কের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য এবং শিল্প ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশি কর্মকর্তারা। এ ছাড়া দেশটির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত গবেষণা কাউন্সিল (টিউবিটাক), উচ্চশিক্ষা কাউন্সিল, দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, প্রতিরক্ষা শিল্প বিভাগ, বিদেশে বসবাসরত তুর্কি নাগরিকবিষয়ক প্রেসিডেন্সি এবং ধর্মবিষয়ক কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে। প্রতিনিধি দলটি টিকার প্রেসিডেন্ট আবদুল্লাহ এরেনের সঙ্গেও বৈঠক করবে। সেখানে দুই দেশের চলমান উন্নয়ন সহযোগিতা, অভিন্ন উন্নয়ন অগ্রাধিকার এবং নতুন যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

সফরে শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা, স্বাস্থ্যসেবা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত উন্নয়ন এবং বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আঙ্কারার কর্মসূচি শেষে প্রতিনিধি দলটি ইস্তাম্বুল সফর করবে; সেখানে সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া আরও দৃঢ় করার সুযোগ তৈরি হবে বলে জানানো হয়েছে।