বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের খবরটি ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছেন জেলা বিএনপির নেতারা। তাঁদের ভাষ্য, কার্যালয় থেকে কিছুটা দূরে ফাঁকা জায়গায় পরিত্যক্ত কাগজ ও ব্যানার পুড়িয়ে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে। এর আগে ভিডিওর ভিত্তিতে কার্যালয়ে আগুন দেওয়ার খবর প্রকাশিত হয়েছিল।
মঙ্গলবার রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আগুন দেওয়ার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দুই থেকে তিনজন যুবককে আগুন দিতে দেখা যায়, যাতে কয়েকটি ব্যানার ও ফেস্টুন পুড়ে যায়। ঘটনার পর বুধবার সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানার পুলিশ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, কার্যালয়ে অগ্নিসংযোগের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে লাগাতার অপপ্রচার চালাচ্ছেন। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনও একই দাবি করেন। তাঁর ভাষ্য, কার্যালয় থেকে খানিকটা দূরে ফাঁকা জায়গায় পরিত্যক্ত কাগজ ও ব্যানার পুড়িয়ে ভিডিও ধারণ করা হয়েছে।
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, কার্যালয় থেকে খানিকটা দূরে নর্দমায় ময়লা-আবর্জনা ও পুরোনো কাগজ পড়ে ছিল। গভীর রাতে সেখানে আগুন দিয়ে ভিডিও ধারণ করে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। কার্যালয়ে আগুন দেওয়া হলে তাঁরা মামলা করতেন বলেও তিনি উল্লেখ করেন।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, কার্যালয়ে অগ্নিসংযোগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং এখনই মন্তব্য করার সময় আসেনি।