বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস প্রতিযোগিতায় পদক জয়ের ধারা ধরে রেখেছে বাংলাদেশ। প্রতিযোগিতার তৃতীয় ও শেষ দিনে নারীদের শটপুটে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট জাকিয়া সুলতানা।
ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ২৫ নভেম্বর শুরু হয়েছে তিন দিনের এই আসর। নারীদের শটপুট ফাইনালে জাকিয়া ১২.৬৪ মিটার দূরত্ব অতিক্রম করে তৃতীয় হন। পঞ্চম প্রচেষ্টায় তিনি সেরা নৈপুণ্য দেখান। তাঁর ছয় প্রচেষ্টা ছিল যথাক্রমে ১১.৬৫, ১১.২৭, ১১.৭৯, ১২.০৪, ১২.৬৪ এবং ১০.৭০ মিটার। একই ইভেন্টে ১৫.১৭ মিটার ছুড়ে সোনা জিতেছেন ভারতের আনশু, ১৪.৫৯ মিটারে রুপা পেয়েছেন ভারতের রিয়া ভার্মা। বাংলাদেশের মিনু খাতুন ৮.৫৯ মিটার ছুড়ে সপ্তম হয়েছেন।
এর আগে ট্রিপল জাম্পে রুপা জিতেছিলেন স্বপ্না খাতুন। প্রতিযোগিতার প্রথম দিনে নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছিলেন সুমাইয়া দেওয়ান। জাকিয়ার পদকে বাংলাদেশের ঝুলিতে আরও একটি ব্রোঞ্জ যুক্ত হলো।
উদ্বোধনী এই বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকসে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড ও মিয়ানমারের অ্যাথলেটরা। বাংলাদেশের ৫৪ সদস্যের বহরে আছেন ৩৬ জন অ্যাথলেট।