বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

খোলা বাজারে ডলারের দাম বেড়ে ১৩০ টাকা ৭০ পয়সা, নগদ ডলার বিক্রিতে দর বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

রাজধানীর মতিঝিলের মানি এক্সচেঞ্জগুলোতে বৃহস্পতিবার প্রতি ডলার বিক্রি হয়েছে ১৩০ টাকা ৭০ পয়সায়, আগের কয়েক দিন দাম ছিল ১২৯ টাকা।

খোলা বাজারে ডলারের দাম আরও বেড়েছে। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলের বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউজে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি ডলার বিক্রি হচ্ছে ১৩০ টাকা ৭০ পয়সায়। এর নিচে কোথাও ডলার পাওয়া যাচ্ছে না। এক্সচেঞ্জ সংশ্লিষ্টরা জানান, আগের দিনও প্রায় একই দামে নগদ ডলার বিক্রি হয়েছে। তবে গত কয়েক দিন ধরে খোলা বাজারে প্রতি ডলার ১২৯ টাকায় বিক্রি হয়ে আসছিল।

ব্যাংকগুলোতে আমদানি ঋণপত্রের (এলসি) বিপরীতে ডলার বিক্রি হচ্ছে ১২৫ টাকা ৪০ পয়সায়। আগের দিন এ দর ছিল ১২৫ টাকা ৩০ পয়সা। গত ১৮ নভেম্বর প্রতি ডলারের দর ছিল ১২৫ টাকা ৫ পয়সা। এদিন ব্যাংকগুলো রেমিট্যান্স সংগ্রহ করেছে ১২৬ টাকা দরে। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দর বেড়ে দাঁড়িয়েছে ১২৪ টাকা ৭৫ পয়সা।

এদিকে ২৫ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ থেকে জারি করা এক নির্দেশনায় নগদ ডলার বিক্রির ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য সর্বোচ্চ বিনিময় হার নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকগুলো নগদ বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বাংলাদেশ ব্যাংক নির্ধারিত বিসি (বিলস ফর কালেকশন) সেলিং রেটের বেশি দাম নিতে পারবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা কেনার ক্ষেত্রে সাধারণত টিটি ক্লিন, টিটি ডকুমেন্ট ও ওডি সাইট বিনিময় হার অনুসরণ করা হয়; আর বিক্রির ক্ষেত্রে ব্যবহার করা হয় বিসি বিনিময় হার। নগদ বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষার জন্য বিসি সেলিং রেটকে সর্বোচ্চ বিক্রয়মূল্য ধরা হয়েছে। নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নে ব্যাংকগুলোর অনুমোদিত ডিলার শাখাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।