সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চারটি বই, অনুমোদন দিয়েছে শিক্ষাক্রম সমন্বয় কমিটি

চতুর্থ শ্রেণির জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ এবং ষষ্ঠ শ্রেণির জন্য ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’ অনুমোদন পেয়েছে।

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে মোট চারটি নতুন বই যুক্ত হচ্ছে। চতুর্থ শ্রেণির বই দুটি হলো ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। ষষ্ঠ শ্রেণির বই দুটির নাম ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) পৃথক সভায় বই চারটির অনুমোদন দেওয়া হয়। এনসিসিসি দুটি; একটি প্রাথমিকের জন্য, অন্যটি মাধ্যমিকের জন্য। প্রাথমিকের কমিটির সভায় চতুর্থ শ্রেণির দুটি বই এবং মাধ্যমিকের কমিটির সভায় ষষ্ঠ শ্রেণির দুটি বই অনুমোদিত হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে এ অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) একজন কর্মকর্তা জানিয়েছেন, সভায় দেওয়া পরামর্শ অনুযায়ী সোমবারের মধ্যে পরিমার্জন করে বইগুলো চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।

সভায় উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আবদুল খালেক, প্রাথমিক ও গণশিক্ষাসচিব জেসমিন নাহারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।