রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকে তাঁরা এ কর্মসূচি শুরু করেন। দুপুর পর্যন্ত কর্মসূচি চলার খবর পাওয়া গেছে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন রাকসুর সদ্য সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ও রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক সালাহউদ্দিন আম্মার। এ কর্মসূচি এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়েছিল। অবস্থানকালে শিক্ষার্থীরা ‘গণতন্ত্রের বুলি নয়, গণতন্ত্রের চর্চা চাই’ ও ‘প্রশাসনের কালক্ষেপণ, মানবে না শিক্ষাঙ্গন’ লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
সালাহউদ্দিন আম্মার বলেন, রাকসুর মেয়াদ শেষ হয়েছে এক মাস হলো, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ইতিবাচক তৎপরতা দেখা যায়নি। তাঁর দাবি, দায়িত্বে থাকাকালে তাঁরা বারবার এ বিষয়ে প্রশাসনকে চাপ দিয়েছেন, কিন্তু প্রশাসন নানাভাবে বিষয়টি এড়িয়ে গেছে। তিনি বলেন, এ কারণেই তাঁরা এমন কর্মসূচিতে বাধ্য হয়েছেন। আন্দোলনকারীদের ভাষ্য, রাকসু ও সিনেট অধিবেশন নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে।
রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফুল ইসলাম জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চলবে। আন্দোলনকারীরা জানান, একই দাবিতে ১ নভেম্বর তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছিলেন। এরপর ১২ নভেম্বর চার দিনের সময় বেঁধে দেওয়া হয়।
বেলা সোয়া ১১টার দিকে অবস্থানস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ও প্রক্টরিয়াল বডির সদস্যরা। প্রক্টর আন্দোলনকারীদের বলেন, উপাচার্য একটি সভায় আছেন এবং তিনি তাঁর বার্তা পৌঁছে দিচ্ছেন। তিনি শিক্ষার্থীদের উপাচার্যের কনফারেন্স কক্ষে গিয়ে বসার আহ্বান জানান, যাতে আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো যায়।
জবাবে সালাহউদ্দিন আম্মার বলেন, আলোচনার জন্য তিনি উপাচার্যের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছেন, কিন্তু উপাচার্য সময় দেননি। তাঁরা কনফারেন্স কক্ষে যাবেন না; যা আলোচনা হওয়ার, তা হবে এখানে, গণমাধ্যমের সামনে। তিনি জানান, তাঁরা শান্তিপূর্ণভাবে এখানেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।