শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’, পুরস্কার ৬০ হাজার টাকা

দেশে প্রথমবার আয়োজিত দুই দিনের প্রতিযোগিতায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের তৈরি অ্যারিয়াল প্রজেক্ট ও ড্রোন প্রযুক্তি দেখিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এ রানার্সআপ হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের দল ‘অ্যারো ভেনম’। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দলটি নিজেদের তৈরি অ্যারিয়াল প্রজেক্ট ও ড্রোন প্রযুক্তি প্রদর্শন করে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ জন্য দলটিকে ৬০ হাজার টাকার পুরস্কারের ডেমো চেক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএইউবি) লালমনিরহাট ক্যাম্পাসে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলের পক্ষে অংশ নেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তাকি তামিম ও ইমন চৌধুরী এবং যন্ত্রকৌশল বিভাগের মোহাম্মদ খুবায়েব ও মজনুরুল আলম। দলটিতে বিভিন্ন বিভাগের প্রায় ১৫ জন সদস্য কাজ করছেন। রুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. মাসুদ রানা দলটির উপদেষ্টা হিসেবে সঙ্গে ছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের উদ্ভাবনকে শুধু প্রতিযোগিতা বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে কৃষি, যোগাযোগ, দুর্যোগ ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনকল্যাণে কার্যকর সমাধান তৈরিতে কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান অ্যাভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ, গবেষণা ও দেশীয় প্রযুক্তির বিকাশ জরুরি।

এএইউবির উপাচার্য এয়ার ভাইস মার্শাল এম মুস্তাফিজুর রহমান বলেন, অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন ও রোবটিক্সে আগ্রহী তরুণদের জন্য একটি প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য।