বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঝিকরগাছায় নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে চড়, অভিভাবক আটক

যশোরের ঝিকরগাছার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তাঁকে মারধরের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে; আজ বুধবার অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

এসএসসির নির্বাচনী পরীক্ষায় ছেলে ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় যশোরের ঝিকরগাছায় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে পুলিশ আটক করেছে।

মারধরের শিকার প্রধান শিক্ষক ব্রাদার সঞ্জয় মাথিয়াস রোজারিও এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলে ওই শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হয়, ফলে সে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না। বিষয়টি জানার পর শিক্ষার্থীর বাবা বেলা সাড়ে ১১টার দিকে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে কোনো কথা না বলেই তাঁকে চড়থাপ্পড় মারতে শুরু করেন বলে অভিযোগ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক চেয়ারে বসে আছেন। হঠাৎ কক্ষে ঢুকে ইউনুস আলী তাঁকে চড় মারেন। অন্য শিক্ষকেরা গিয়ে তাঁকে নিবৃত্ত করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী এবং নয়ন নামের একজনও কক্ষে গিয়ে প্রধান শিক্ষকের ওপর চড়াও হন বলে ভিডিওতে দেখা যায়।

ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পরে বিকেলে পুলিশ অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক করে। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দিয়েছেন এবং অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল বুধবার তাঁকে আদালতে পাঠানো হবে।

অভিযুক্ত অভিভাবক ও তাঁর পরিবারের সদস্যদের বক্তব্য প্রকাশের সময় পর্যন্ত পাওয়া যায়নি।