বিএনপি নেতা ও ঢাকা-৮ আসনের সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুতে করা হত্যা মামলার তদন্তে তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের জবানবন্দি নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীতে পিবিআই কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জিজ্ঞাসাবাদ করা তিন কর্মকর্তা হলেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তৎকালীন উপমহাপরিদর্শক বজলুর রশীদ, জ্যেষ্ঠ জেল সুপার শফিকুল ইসলাম এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার হালিমা খাতুন। এঁদের মধ্যে বজলুর রশীদ ও শফিকুল ইসলাম মামলার আসামি, আর হালিমা খাতুন সাক্ষী। তদন্ত কর্মকর্তা জানান, মামলাটি নালিশি বা সিআর মামলা হওয়ায় আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের সুযোগ নেই; তাই তদন্তের স্বার্থে তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ ও জবানবন্দি নেওয়া হয়েছে।
পিন্টু বিডিআর বিদ্রোহ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় ২০১৫ সালের ৩ মে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিবার এ মৃত্যুকে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করে আসছে। গত বছরের ৫ ফেব্রুয়ারি পিন্টুর ছোট ভাই নাসিম উদ্দিন রিন্টু রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করা হয়েছে। পরে আদালত মামলাটির তদন্তের দায়িত্ব পিবিআইকে দেন।
তদন্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, আদালতের দেওয়া প্রাথমিক সময়সীমার মধ্যে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি, পরে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। বর্তমানে তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার প্রস্তুতি চলছে। প্রতিবেদন পাওয়ার পর আদালত পরবর্তী আদেশ দেবেন।