বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিম রহমানের বাসায় ভোরে আগুন, কেউ হতাহত হননি

নেত্রকোনা পৌরসভার হোসেনপুর এলাকায় বৃহস্পতিবার ভোরে এনসিপির কেন্দ্রীয় নেতা ফাহিম রহমান খান পাঠানের বাসার বারান্দায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাড়ির বারান্দার একটি কক্ষের কিছু জিনিস পুড়ে গেছে, তবে কেউ হতাহত হননি।

ফাহিম রহমান এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহসম্পাদক এবং দলের নেত্রকোনা জেলা কমিটির সাবেক সদস্যসচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন, পরে প্রতিবেশীরাও এগিয়ে আসেন। সবার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনার সময় ফাহিম ঢাকায় ছিলেন। মুঠোফোনে তিনি বলেন, দুর্বৃত্তরা বাসার বারান্দায় আগুন ধরিয়ে দেয়। তখন বাসায় তাঁর মা, ছোট ভাই নাফিউর রহমান খান পাঠান ও ভাতিজাসহ কয়েকজন ছিলেন। নাফিউর নেত্রকোনা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক। পোড়া গন্ধ পেয়ে তিনি ঘরের দরজা খুলে বারান্দায় আগুন দেখতে পান। ফাহিম ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাঁর ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছে; পুলিশ এ বিষয়ে এখনো কিছু নিশ্চিত করেনি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।