চট্টগ্রামের ফটিকছড়িতে বাজারে প্রকাশ্যে মো. বেলাল উদ্দিন নামের এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা সদরের বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। বেলাল ‘ফটিকছড়ি সংলাপ’ নামে একটি সংবাদভিত্তিক ফেসবুক পেজের অ্যাডমিন।
পুলিশ জানিয়েছে, বেলালের পেটে একাধিক ছুরিকাঘাত করা হয়েছে। এ ঘটনায় উত্তর রাঙ্গামাটিয়া এলাকার বাসিন্দা শামসুল আলম ওরফে ‘কসাই শমসু’-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তিনি বিবিরহাট বাজারে মাংসের দোকান চালান।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার জুমার নামাজের পর বিকেলে বেলাল বাজারে যান। হেঁটে শামসুলের মাংসের দোকানের কাছে পৌঁছালে তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ছুরিকাঘাতের পর হাসপাতালে নেওয়ার পথে রক্তাক্ত অবস্থায় নিজের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারে (লাইভ) আসেন বেলাল। তাঁকে কান্নাজড়িত কণ্ঠে বাঁচার আকুতি জানাতে দেখা যায়। লাইভে তিনি অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় শামসুল তাঁকে ছুরিকাঘাত করেছেন।
জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল আলম বলেন, বেলালের চিকিৎসা চলছে। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, কিছুদিন আগে মাদক কারবারের অভিযোগে শামসুল গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পেয়ে তিনি নিজের গ্রেপ্তারের পেছনে বেলালের ভূমিকা আছে বলে সন্দেহ করেন। সেই ক্ষোভ থেকেই বেলালকে ছুরিকাঘাত করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জড়িত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানান। অভিযুক্ত ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।