বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ডিসেম্বরকে ঘিরে দেশজুড়ে নাশকতার পরিকল্পনার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী: গোয়েন্দা সূত্র

ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও স্থাপনায় হামলার আশঙ্কার কথা বলছে সূত্র; অভিযোগ সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

ডিসেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে নাশকতা ও সহিংসতা সৃষ্টির পরিকল্পনার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা ও শিল্পকারখানায় হামলার আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে সরবরাহব্যবস্থা, উৎপাদন খাত ও সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতা-কর্মীকে নিয়ে নাশকতার নেটওয়ার্ক গড়ে তোলার তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত দলটির দেশে-বিদেশে অবস্থানরত কয়েকজন নেতার নির্দেশনা এবং কয়েকটি ব্যবসায়ী গোষ্ঠীর আর্থিক সহায়তায় এসব কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করা হচ্ছে। তবে এসব অভিযোগ সম্পর্কে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি রাজধানীর ফার্মগেট, টিএসসি, চানখাঁরপুল, মালিবাগ ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গোয়েন্দা সূত্রের দাবি, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়; পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। শ্রমিক, হকার বা সাধারণ পথচারীর ছদ্মবেশে ছোট ছোট দলে ভাগ হয়ে হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগের কৌশল নেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে।

নাশকতা প্রতিরোধে রাজধানীর বিভিন্ন এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি এবং বিশেষ চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে নাশকতার পরিকল্পনা ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গোয়েন্দা সূত্রের দাবি, মাঠপর্যায়ে কয়েকটি গোপন সেল গঠন করে পরিকল্পনা করা হয়েছে এবং সেল সদস্যরা এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপে যোগাযোগ করছেন। সাইবার নজরদারির মাধ্যমে কয়েকজনের ভার্চুয়াল পরিচয় শনাক্ত ও গুরুত্বপূর্ণ বার্তা উদ্ধারের কথাও জানিয়েছে সূত্র। এ ছাড়া অর্থের উৎস, ব্যাংক লেনদেন ও হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তরের সম্ভাব্য পথ খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পুলিশের উচ্চপর্যায়ের সূত্রের দাবি, ডিসেম্বরকেন্দ্রিক পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যস্ত রাখার লক্ষ্য নেওয়া হয়েছে। চলতি মাসের প্রথমার্ধ পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণ ও পার্কিংয়ে থাকা ফাঁকা যানবাহনে অগ্নিসংযোগের আশঙ্কা রয়েছে। পরে যাত্রীবাহী বাস, জনবহুল স্থান, শিল্পকারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা থাকতে পারে বলেও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ আছে। পুলিশের একটি অংশের বিরুদ্ধে নাশকতাকারীদের গোপনে সহায়তার অভিযোগ উঠেছে বলেও সূত্র জানিয়েছে; এ ধরনের সদস্যদের শনাক্তে পৃথক তালিকা করে নজরদারি চলছে।