পিলখানা হত্যাকাণ্ডে ষড়যন্ত্র ও রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রমে সংশ্লিষ্টতার অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আইন-শৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী বিভিন্ন কার্যক্রমে সংশ্লিষ্টতা, বিডিআর হত্যাকাণ্ডে ষড়যন্ত্র এবং খুনিদের সঙ্গে যোগসাজশের সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
গ্রেপ্তারের পর তাঁকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রগুলো জানিয়েছে। তাঁর বিরুদ্ধে কোন আইনে, কী মামলায় আইনি প্রক্রিয়া শুরু হবে এবং তাঁকে আদালতে হাজির করা হবে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত জানানো হয়নি।