মালয়েশিয়ার প্রবাসজীবনে পরিচয়, এরপর টিকটকে যোগাযোগ ও প্রেম। শেষ পর্যন্ত যশোরের শার্শা উপজেলার যুবক সোহাগ হুসাইনকে বিয়ে করেছেন মালয়েশিয়ার তরুণী নুর হায়াতি। বিয়ের জন্য মা-বাবাকে নিয়ে তিনি বাংলাদেশে এসেছেন।
নিকাহ নিবন্ধনের তথ্য অনুযায়ী ২৩ নভেম্বর যশোরের আদালতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। যশোর পৌর এলাকার বারান্দীপাড়া খালধার সড়কের নিকাহ রেজিস্ট্রার ও কাজী মোহাম্মদ হোসেনের কার্যালয়ে বিয়েটি নিবন্ধিত হয়েছে। কাবিননামা ২৪ নভেম্বর নোটারি পাবলিকের কাছে সত্যায়িত করা হয়। তবে শনিবার অনুষ্ঠান করে এলাকার মানুষকে বিয়ের কথা জানানো হয়েছে। কাবিননামা অনুযায়ী বর-কনে দুজনের জন্ম ১৯৯৯ সালে এবং দেনমোহর ধরা হয়েছে ৫ লাখ টাকা।
সোহাগ শার্শা উপজেলার ডুবপাড়া গ্রামের জালাল উদ্দিন ও নেলুফা ইয়াসমিন দম্পতির সন্তান; তিন ভাই-বোনের মধ্যে সবার ছোট। তিনি দেশে আসেন ২৮ অক্টোবর। কনে নুর হায়াতি মা-বাবাকে নিয়ে বাংলাদেশে আসেন ১৯ নভেম্বর।
সোহাগ বলেন, কিশোর বয়সে তিনি শিক্ষার্থী ভিসায় মালয়েশিয়ায় যান, তবে পড়াশোনা না করে কাজে যোগ দেন। কুয়ালালামপুরে তাঁর একটি ওয়ার্কশপ আছে, যেখানে তিনি ঠিকাদারির কাজ করেন। তিনি জানান, একটি দোকানে যাতায়াতের সময় তিনি প্রথম নুর হায়াতিকে দেখেন; দোকানটি তাঁর বাবার। পরে টিকটকের মাধ্যমে দুজনের মুঠোফোন নম্বর আদান-প্রদান হয়। সোহাগ মালয় ভাষা জানেন, তাই দুজনের কথাবার্তা হতো সেই ভাষায়। নুর হায়াতিকেও কিছু বাংলা শেখানো হয়েছে। কনের মা-বাবার সঙ্গে আলাপের পর তাঁরা সোহাগকে পছন্দ করেন এবং দুই পরিবারের মধ্যে বিয়ের কথা পাকা হয়।
সোহাগের মা নেলুফা ইয়াসমিন বলেন, ‘বউমা ভালো হয়েছে। সে আমাদের কথা কমবেশি বুঝতে পারলেও বেয়াই-বেয়াইন বুঝতে পারছেন না।’ তিনি জানান, কনের মা-বাবা নিজেদের শুকনো খাবার সঙ্গে নিয়ে এসেছেন এবং ডিম ও নুডলস বেশি খাচ্ছেন। বিয়ে সম্পন্ন হওয়ায় তাঁরা আর থাকতে চাইছেন না; রোববার সোহাগ তাঁদের ঢাকায় পৌঁছে দেবেন।
সোহাগ জানান, নুর হায়াতির কুয়ালালামপুরে একটি সুপারশপ আছে। শ্বশুর-শাশুড়ি চলে গেলেও তিনি স্ত্রীকে নিয়ে আরও এক মাস দেশে থাকবেন। এরপর মালয়েশিয়ায় ফিরে নিজের ব্যবসার পাশাপাশি স্ত্রীর ব্যবসাও দেখাশোনা করবেন।