প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে। মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।’ তাঁর ভাষ্য, এই মহড়া বিশ্বদরবারে স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্রবাহিনী সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত। প্রধানমন্ত্রী আরও বলেন, মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা এবং এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে বলেও তিনি মন্তব্য করেন।
বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ঢাকা থেকে স্বর্ণদ্বীপে অবতরণ করলে তাঁকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীপ্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম, বিমানবাহিনীপ্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ও প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন। এর পর তিনি সশস্ত্রবাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় তিনি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনীও দেখেন। সেনাপ্রধানের পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
এই বিশেষ মহড়ায় অংশ নেয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী নিজেই সাঁজোয়া যান চালিয়েছেন। তিনি স্বর্ণদ্বীপের প্রথম ভেনু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত এটিভি ভিহিকল মডেলের (বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান) একটি সেনা যান চালিয়ে আসেন। আট কিলোমিটার পথ অতিক্রম করে দুই পাশে তিন বাহিনীর বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি। গাড়িতে তাঁর সঙ্গে ছিলেন সেনাপ্রধান।
নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত স্বর্ণদ্বীপ ১৯৭৮ সালে মেঘনার মোহনায় জেগে ওঠে; এর আগের নাম ছিল জাহাজ্জার চর।