নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফুল ইসলাম বাবুকে (৫৮) সাময়িক বরখাস্ত করা হয়েছে। অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের সদস্যরা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেন। পরে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চেয়ারম্যান আশরাফুল ইসলামের সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারায় বর্ণিত অপরাধ সংঘটিত হওয়ায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাঁকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। আদেশের অনুলিপি নওগাঁর জেলা প্রশাসক, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে সাময়িক বরখাস্ত হওয়া চেয়ারম্যানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিয়া খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার তিনি এ-সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।