বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: জড়িত থাকার প্রাথমিক প্রমাণে কর্মচারী সাময়িক বরখাস্ত, ছয় প্রবেশপথে চেকপোস্ট বসছে

মঙ্গলবার উপাচার্যের কার্যালয়ে জরুরি সমন্বয় সভায় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত; বরখাস্ত কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। একই সঙ্গে তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। এর আগে টানা কয়েক দিন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও স্বাভাবিক শিক্ষা-প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় বা পদমর্যাদা বিবেচনা না করে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান ও দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে জরুরি সমন্বয় সভা হয়। সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল বাড়ানোর সিদ্ধান্ত হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হবে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো এবং সিসিটিভি ক্যামেরার মনিটরিং জোরদার করার সিদ্ধান্তও হয়েছে।

সভায় আরও নির্দেশ দেওয়া হয়, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে চলাচলের সময় নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখতে হবে। সভায় সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আবদুস সালাম, সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাং উপস্থিত ছিলেন।