চট্টগ্রাম চিড়িয়াখানার সঙ্গে ছয়টি জেব্রার বিনিময়ে প্রাপ্তবয়স্ক তিনটি বাঘ পেয়েছে গাজীপুরের শ্রীপুরের গাজীপুর সাফারি পার্ক। শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাতে বিশেষ ব্যবস্থায় বাঘ তিনটি পার্কে এসে পৌঁছায়। এ নিয়ে পার্কে বাঘের সংখ্যা দাঁড়াল ১০টি।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, বাঘ তিনটিকে আলাদা বেষ্টনীতে রাখা হয়েছে। নতুন করে তিনটি বাঘ আসায় পার্কে আসা দর্শনার্থীদের বাঘ দেখার সুযোগ আরও বাড়বে বলে তিনি মনে করেন।
পার্ক কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠার পর বিদেশ থেকে কয়েকটি বাঘ আনা হয়েছিল। এর মধ্যে কিছু বাঘ মারা গেছে, কিছুর বাচ্চাও জন্মেছে। টাইগার বেষ্টনীতে থাকা বাঘগুলোর আয়ুষ্কালও ফুরিয়ে আসছিল। পার্ক কর্তৃপক্ষ ও সরকার বাঘ আমদানির প্রস্তুতি নিচ্ছিল। পরে কর্তৃপক্ষ জানতে পারে, চট্টগ্রাম চিড়িয়াখানায় অতিরিক্ত বাঘ আছে কিন্তু জেব্রা নেই, আর সাফারি পার্কে অতিরিক্ত জেব্রা আছে। এরপর দুই কর্তৃপক্ষ প্রাণী বিনিময়ে যায়।
এর অংশ হিসেবে গত বুধবার রাতে একটি ট্রাকে করে বিশেষ ব্যবস্থাপনায় চট্টগ্রাম চিড়িয়াখানায় তিনটি জেব্রা পাঠায় সাফারি পার্ক। একই ট্রাকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে তিনটি বাঘ গাজীপুরের উদ্দেশে রওনা হয়, যা শুক্রবার ভোরে পার্কে পৌঁছায়। সাফারি পার্কের বাকি তিনটি জেব্রা কয়েক দিনের মধ্যেই চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানো হবে।
পার্কের বন্য প্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ বলেন, দীর্ঘ পথ ভ্রমণ শেষে বাঘ তিনটি পার্কে পৌঁছেছে। এগুলো পূর্ণ সুস্থ আছে এবং সঠিক সময়ে খাবার খাচ্ছে। বর্তমানে বাঘ তিনটিকে বিশেষ যত্নে রাখা হয়েছে।