স্বাধীনতার ৫৬ বছর পেরিয়ে গেলেও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় খালের ওপর কোনো সেতু নির্মিত হয়নি। এতে পাঁচ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ না দেখে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিলেরপাড় গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া খালটি বিলেরপাড়, ডেরুরবিল, বাংগালপাড়া, বালুরগ্রাম ও কুতুবের চর গ্রামের মানুষের যোগাযোগের প্রধান প্রতিবন্ধকতা। খাল পারাপারের জন্য বর্ষাকালে নৌকা ব্যবহার করতে হয়, আর শুকনো মৌসুমে ধানক্ষেত মাড়িয়ে চলতে হয়। এতে শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ ভোগান্তিতে পড়েন।
সেতু না থাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাড়িতে নিতে প্রায় তিন কিলোমিটার ঘুরপথ পাড়ি দিতে হয়। জরুরি রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। বর্ষা মৌসুমে যোগাযোগ আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে জানান বাসিন্দারা।
স্থানীয় কৃষক আব্দুল মজিদ বলেন, খালের পশ্চিম পাশে তাঁদের বেশির ভাগ আবাদি জমি; সেতু হলে কৃষকদের দুর্ভোগ অনেকটাই কমবে। বাসিন্দা ছাত্তার মিয়া জানান, বর্ষাকালে নৌকায় খাল পার হয়ে তাঁদের জুমার নামাজে যেতে হয়। পল্লী চিকিৎসক হযরত আলী বলেন, সরকার পরিবর্তন হলেও বিলেরপাড় গ্রামের তেমন উন্নয়ন হয়নি; সেতু নির্মাণের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কটিও দ্রুত সংস্কার করা দরকার।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী হাফিজুল ইসলাম বলেন, দ্রুত সেতু নির্মাণের প্রস্তাব পাঠানোসহ অধিদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।