রাজবাড়ী শহরের পান্না চত্বরসংলগ্ন পৌর ইউ মার্কেটের সামনে প্রকাশ্যে দিবালোকে এক ব্যবসায়ী নেতাকে গুলি করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে আহত আমির হোসেন লিটন বাণীবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক।
আহত লিটন জানান, রাজবাড়ীর আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে তিনি সঙ্গী হাসুকে নিয়ে রিকশায় শহরের কাপড় বাজারের দিকে যাচ্ছিলেন। পান্না চত্বর পার হয়ে ইউ মার্কেটের কাছে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা তাঁদের রিকশার গতিরোধ করে। অটোরিকশার ভেতর থেকে তাঁকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। এর একটি তাঁর ডান হাতে লাগে, অন্যটি লক্ষ্যভ্রষ্ট হয়।
ঘটনাস্থলের পাশের এক দোকানদার নাম প্রকাশ না করার শর্তে জানান, গুলির পর হামলাকারী ইংলিশ মার্কেটের দিকে দৌড়ে পালিয়ে যায়। লিটনের সঙ্গে থাকা হাসু বলেন, একটি গুলি তাঁর পেট ঘেঁষে চলে গেছে।
রাজবাড়ী সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, এক্স-রে করে দেখা গেছে গুলিটি লিটনের হাতের মাংসপেশিতে আটকে আছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সুমন মিয়া বলেন, লিটনকে হত্যার উদ্দেশ্যে কেউ সন্ত্রাসী ভাড়া করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সুপার মীর মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। তিনি আরও বলেন, যিনি গুলি করেছেন বলে চিহ্নিত হয়েছে, তাঁর নাম পুলিশ পেয়েছে; তবে তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা যাচ্ছে না।