বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পাঁচ মাস ধরে অন্ধকারে ফরিদপুরের সদরপুরে পদ্মার চরের ৪৩ গ্রাম, ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ ফেরানোর আশ্বাস

গত ৮ জুন পদ্মার তলদেশের সাবমেরিন কেব্‌ল ছিঁড়ে যাওয়ার পর থেকে ১০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; শিক্ষার্থী ও খামারিরা সবচেয়ে বিপাকে।

পদ্মা নদীবেষ্টিত ফরিদপুরের সদরপুর উপজেলার ৪৩টি গ্রামে পাঁচ মাস ধরে বিদ্যুৎ নেই। এতে ভোগান্তিতে পড়েছেন ১০ হাজারের বেশি মানুষ। সন্ধ্যা নামলেই গ্রামগুলো অন্ধকারে ডুবে যায়; ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, বিপাকে পড়েছেন খামারিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জুন সকাল আটটার দিকে ঢাকার দোহার থেকে পদ্মার তলদেশ দিয়ে স্থাপন করা সাবমেরিন কেব্‌ল ছিঁড়ে গেলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পল্লী বিদ্যুতের একটি দল ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান করেও কেব্‌ল ছিঁড়ে যাওয়ার জায়গা শনাক্ত করতে পারেনি। বিদ্যুৎহীন গ্রামগুলোর মধ্যে ৪০টি দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নের এবং তিনটি পাশের চর নাসিরপুর ইউনিয়নের। এলাকায় ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারটি মাদ্রাসা ও একটি মাধ্যমিক বিদ্যালয় এবং দুটি বাজার ও কয়েকটি গবাদিপশুর খামার রয়েছে।

নন্দলালপুর গ্রামের বাসিন্দা নয়ন শেখ বলেন, সন্ধ্যা হলেই অন্ধকারে থাকতে হয়, ছেলেমেয়েদের পড়াশোনায় সমস্যা হচ্ছে এবং মোবাইল চার্জ দেওয়াসহ দৈনন্দিন নানা কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিদ্যুৎ না থাকায় রেফ্রিজারেটর ও টেলিভিশনের মতো ইলেকট্রনিক সামগ্রী নষ্ট হচ্ছে। অনেক খামারি বাধ্য হয়ে গরু বিক্রি করে দিচ্ছেন।

উপজেলা প্রশাসন উচ্চবিদ্যালয়ের শিক্ষক সলেমান ব্যাপারী বলেন, বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা বেশিক্ষণ স্কুলে থাকতে চায় না; একদিন এলে পরের দিন আসে না। তাঁর ভাষ্য, স্কুলে সোলার সিস্টেম থাকলেও ফ্যানের ব্যাকআপ বেশিক্ষণ থাকে না, আর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোয় সোলার সিস্টেম নেই; সেখানকার অবস্থা আরও ভয়াবহ। আকন গ্রামের বাসিন্দা মামুন আকন জানান, সোলারে শুধু লাইট ও একটি ফ্যান চলে, টিভি বা ফ্রিজ চলে না; তা ছাড়া সব বাড়িতে সোলার সিস্টেমও নেই।

২০২২ সালে সাবমেরিন কেব্‌লের মাধ্যমে চর এলাকায় বিদ্যুৎ-সংযোগ দেওয়ার পর থেকে এ নিয়ে চারবার এমন ঘটনা ঘটল।

গত ১২ নভেম্বর ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদে এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের দৃষ্টি আকর্ষণ করেন। মন্ত্রী বলেন, দ্রুত নতুন কেব্‌ল স্থাপনের মাধ্যমে লাইনটি সচল করতে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ইতিমধ্যে চার কিলোমিটার সাবমেরিন কেব্‌ল বরাদ্দ দিয়েছে এবং কেব্‌ল স্থাপনের টেন্ডার কার্যক্রম প্রক্রিয়াধীন। তাঁর ভাষ্য, আগামী ডিসেম্বর মাসের মধ্যে সামগ্রিক কার্যক্রম শেষ করে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।