মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রাউজান আদালতের সিনিয়র সহকারী জজের কক্ষে আগুন, এসি বা শর্টসার্কিটের ধারণা ফায়ার সার্ভিসের

সোমবার ভোরে চট্টগ্রামের রাউজান আদালতে বিচারকের কক্ষে আগুন লাগে; আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

চট্টগ্রামের রাউজান আদালতে এক বিচারকের কক্ষে আগুন লেগে আসবাব ও নথিপত্রসহ বিভিন্ন জিনিস পুড়ে গেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোরের কোনো এক সময় সিনিয়র সহকারী জজ আবদুল মান্নানের কক্ষের এসিতে আগুন লাগে এবং পরে তা ছড়িয়ে পড়ে। এতে এসি ছাড়াও কিছু আসবাব, নথিপত্র ও জানালার পর্দা পুড়ে গেছে।

রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আবদুল আল মামুন জানান, সকাল সোয়া নয়টার দিকে তাঁরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো অবস্থায় দেখতে পান। এর আগে আদালতের কর্মচারীরা কক্ষের দরজা খুলে ভেতরে আগুনে পুড়ে যাওয়া জিনিসপত্র দেখতে পান। সকালে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এসি অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগার কারণ জানতে পুলিশ কাজ করছে।