কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় প্রবল স্রোতে ভেসে ১৯ সেনার মধ্যে ৯ জন নিহত, নিখোঁজ বাকিরা
কাজাখস্তানের মাঙ্গিস্তাউ অঞ্চলে সামরিক মহড়া চলাকালে আবহাওয়া খারাপ হওয়ায় এই দুর্ঘটনা ঘটে।
কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে কাজাখস্তানের অন্তত ৯ সেনা নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। ঘটনাটি বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় মাঙ্গিস্তাউ অঞ্চলে একটি যুদ্ধ প্রশিক্ষণ মিশনের সময় ঘটেছিল।
কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় মোট ১৯ জন সামরিক সদস্য সাগরের পানিতে ভেসে যান। এর মধ্যে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, এখন পর্যন্ত ৩ জন সেনাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি সদস্যদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
কাজাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হঠাৎ করে আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। তবে কীভাবে সেনাসদস্যরা এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে সাগরে ভেসে যায় বা দুর্ঘটনার সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। দুর্ঘটনার পর নিখোঁজ সেনাসদস্যদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।