শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

পুঠিয়ার বানেশ্বরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডলের নির্দেশনায় বানেশ্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী পথসভা করেছে বিএনপি।

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী পথসভা করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যার পর রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যের ছেলে ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন। বিক্ষোভ মিছিলটি বানেশ্বর ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী সরকারের সভাপতিত্বে ধানহাটা মুড়ির মিলে প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সঙ্গে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষাপটে রাজশাহী অঞ্চলেও বিভিন্ন জায়গায় দলগুলোর এ ধরনের কর্মসূচি দেখা যাচ্ছে।