সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারি হাঁস প্রজনন কেন্দ্র থেকে রাতের আঁধারে চালান ছাড়া হাঁস বিক্রির অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার প্রাণিসম্পদ অধিদপ্তরের জারি করা এক অফিস আদেশে এ ব্যবস্থা নেওয়া হয়।
বরখাস্ত হওয়া দুজন হলেন সিরাজগঞ্জ আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক মোছা. সায়লা শারমীন ও পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার মোছা. শাকিলা পারভীন। অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. শাহজামান খান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন ২০১৮ ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বেলকুচি উপজেলার সদর ইউনিয়নের শাহপুর গ্রামে অবস্থিত ওই কেন্দ্র থেকে একটি মিনি ট্রাকে করে হাঁস নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। এ সময় চালক হাঁস পরিবহনের কোনো বৈধ চালান দেখাতে পারেননি।
ঘটনা জানাজানি হলে সিনিয়র সহকারী পরিচালক প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে চালান ছাড়া রাতে হাঁস বিক্রি আইনবহির্ভূত বলে স্বীকার করেন বলে জানা গেছে।
সিরাজগঞ্জের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক বলেন, এ ঘটনায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে অধিদপ্তর। এ ছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আরিফ হোসেন নামে ওই খামারের এক কর্মীকে সিরাজগঞ্জ থেকে সুনামগঞ্জে বদলি করা হয়েছে।