বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

আরও ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির; তানোরে চেয়ারম্যান ও গোদাগাড়ী পৌরসভায় মেয়র প্রার্থী ঠিক

নভেম্বর ও ডিসেম্বরে সারা দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নেও সমর্থিত প্রার্থী ঘোষণা করা হবে, জানিয়েছেন সারজিস আলম।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে সারা দেশের আরও ১০০টি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে এ ঘোষণা দেন দলটির নেতারা।

ঘোষণার সময় উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সারোয়ার তুষার এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।

রাজশাহী অঞ্চলের প্রার্থীদের মধ্যে রয়েছেন তানোর উপজেলায় মোরশেদ আলী এবং গোদাগাড়ী পৌরসভায় আবদুর রহিম। এ ছাড়া জয়পুরহাট পৌরসভায় মো. নুরুল হোসেন এবং পাবনা পৌরসভায় বরকতুল্লাহ ফাহাদকে প্রার্থী করা হয়েছে। অন্যান্য এলাকার মধ্যে পঞ্চগড় সদর উপজেলায় আরমান আলী খান, গাইবান্ধা পৌরসভায় মাহমুদ নাসের, সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় সামসুজ্জামান হেলাল, ঢাকার সাভার পৌরসভায় মনসুর আহসান খান সজিব এবং কুষ্টিয়া পৌরসভায় সুলতান মারুফ তালহার নাম ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রামের পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায়, বান্দরবানের রোয়াংছড়ি ও রুমায় এবং খাগড়াছড়ির রামগড়, মানিকছড়ি, গুইমারা ও পানছড়ি উপজেলাতেও প্রার্থী দেওয়া হয়েছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, বরিশাল, ভোলা, ফরিদপুর, রাজবাড়ী, যশোর, খুলনা ও ঝিনাইদহের বিভিন্ন উপজেলা ও পৌরসভাও তালিকায় আছে।

প্রার্থীদের নাম ঘোষণা করে সারজিস আলম বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাসে সারা দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়নে এনসিপি-সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে এবং অনেক গুরুত্বপূর্ণ জায়গায় দলটির প্রার্থীরা জয়ী হবেন বলে তাঁরা আশা করছেন।

বক্তব্যে সারজিস আলম বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তাঁরা আওয়ামী লীগের মতো ভোট চুরি করে জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন। তাঁর ভাষ্য, আগামী দিনের বাংলাদেশে কেউ ভোট চুরি করে বা রাতের ভোটের মাধ্যমে চেয়ারম্যান বা সদস্য নির্বাচিত হতে পারবেন না।