মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

অনুমতি ছাড়া বিদেশে অবস্থান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

সিন্ডিকেট সভায় আরও দুজন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে; সাবেক উপাচার্যসহ দুজনকে সাত কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রারের কাছে হাজির হতে বলা হয়েছে।

অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত হয়।

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান ও আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া বিনা অনুমতিতে দেশের বাইরে অবস্থান করছেন। এ কারণে বিধি অনুযায়ী তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

সহ-উপাচার্য আরও জানান, সাবেক উপাচার্য অধ্যাপক মো. মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নির অবস্থান সম্পর্কে বিশ্ববিদ্যালয় অবগত নয়। তাই সিন্ডিকেট তাঁদের সাত কর্মদিবসের মধ্যে সশরীর রেজিস্ট্রারের কাছে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে।

জুলাই অভ্যুত্থানে ভূমিকা এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে আরও দুজন শিক্ষকের বিরুদ্ধেও পদক্ষেপ নিচ্ছে সিন্ডিকেট। সহ-উপাচার্য জানান, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক শবনম জাহান ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামাল উদ্দিনের বিরুদ্ধে এসব অভিযোগের ভিত্তিতে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

এসব সিদ্ধান্ত নিয়ে অভিযুক্ত শিক্ষকদের কোনো বক্তব্য প্রতিবেদন তৈরির সময় পাওয়া যায়নি। অভিযোগগুলো এখনো তদন্তাধীন।