বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে সবাই ঐক্যবদ্ধ আছেন। রাজনৈতিক দল আলাদা থাকবে, আদর্শ আলাদা থাকবে, সংসদে তর্ক-বিতর্ক হবে—এটাই গণতন্ত্র। তিনি স্মরণ করিয়ে দেন, বায়তুল মোকাররম মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছিল এবং শাপলা চত্বরে রাতের অন্ধকারে মাদরাসার শিক্ষার্থী ও আলেমদের গুলি করে হত্যা করা হয়েছিল। তাঁর ভাষ্য, এখনো সবার নাম-পরিচয় পাওয়া যায়নি; অনেককে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শাপলা চত্বরের ঘটনার মামলার তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেষ হয়ে এসেছে এবং এর বিচার হবে।
সীমান্তের ওপার থেকে অস্থিরতা তৈরির চেষ্টা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পতিত শক্তি এখনো সেখান থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তাঁর দাবি, অডিও-ভিডিও বার্তায় আগুন লাগানোর নির্দেশ দেওয়া হচ্ছে। গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর ও আশুলিয়ায় শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরি করা হয়েছিল বলেও তিনি অভিযোগ করেন। মন্ত্রী জানান, সরকার মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম মজুরি ঘোষণা দিয়েছে এবং শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে দাবি আদায় করেছেন। কিন্তু দুষ্কৃতকারীরা এখনো শ্রমিকদের নাম ব্যবহার করে নৈরাজ্য চাইছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাট জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় ধৈর্যের সঙ্গে ও শান্তিপূর্ণভাবে তা মোকাবিলা করা হবে।
সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষের সমান নাগরিক অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান এবং পাহাড়ি-সমতলের সব জাতিগোষ্ঠী মিলেই বাংলাদেশি। অন্য ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করবেন—এটি তাঁদের অধিকার। মন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময়ের মতো গণতান্ত্রিক ঐক্য আবার গড়ে তোলার আহ্বান জানান।
মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীরসাহেব। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।