নওগাঁর সাপাহার উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন সীমান্ত ফাঁড়ি ‘নব আদাতলা বিওপি ক্যাম্প’-এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে সাপাহারের বৈকুণ্ঠপুর মৌজায় নতুন এই ক্যাম্পের উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন। বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ব্যাটালিয়ন অধিনায়ক জানান, ১৬ বিজিবি নওগাঁ জেলার সাপাহার ও পোরশা উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করে। এর মধ্যে সাপাহারের আদাতলা বিওপি ও করমুডাঙ্গা বিওপির মধ্যে দূরত্ব প্রায় সাড়ে ১৭ কিলোমিটার। তাঁর ভাষ্য, এ দুটি বিওপির স্বল্পসংখ্যক সদস্যকে দিয়ে চোরাচালান, মাদক ও মানব পাচার রোধ করা কঠিন হয়ে পড়ছিল। তাই বিজিবি মহাপরিচালকের অনুমোদন নিয়ে নতুন ক্যাম্পটি স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, নতুন এই বিওপি যুক্ত হওয়ায় ব্যাটালিয়নের মোট বিওপির সংখ্যা হলো ১৩টি। আরও দুটি নতুন বিওপি ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, বিজিবি সদস্যরা দিনরাত সব প্রতিকূল পরিবেশে সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করছেন। সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের তথ্য ও সহযোগিতা তিনি একান্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় নতুন বিওপির মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিত হবে এবং সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকবে।