সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

লিবিয়ার বেনগাজি বন্দরে রুশ জাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ; এক মাল্টীয় পতাকাবাহী জাহাজও আঘাতপ্রাপ্ত

পূর্ব লিবিয়ার সরকার বলছে, ফেরার পথে জ্বালানি নিতে থামা রুশ জাহাজে ড্রোন হামলার প্রাথমিক আলামত মিলেছে; এখনো কেউ দায় স্বীকার করেনি।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর বেনগাজির নৌঘাঁটিতে নোঙর করা একটি রুশ জাহাজে বিস্ফোরণ ঘটেছে। পূর্ব লিবিয়ার সরকার রোববার জানিয়েছে, প্রাথমিক তদন্তে ড্রোন হামলার আলামত পাওয়া গেছে। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি এবং রাশিয়ার কর্তৃপক্ষের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া মেলেনি।

সরকারি বিবৃতিতে বলা হয়, জাহাজটি রাশিয়ায় ফেরার পথে দুই দেশের মধ্যকার নৌসহযোগিতা চুক্তির আওতায় জ্বালানি ও রসদ নেওয়ার জন্য বেনগাজিতে থেমেছিল। বিস্ফোরণে রুশ ও লিবীয়সহ ১০ জন সামান্য আহত হয়েছেন এবং তাঁদের বেনগাজিতে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। বন্দর ও নৌঘাঁটির স্থাপনা এবং গুদামঘর অক্ষত রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণের পর স্বাভাবিক কার্যক্রম ফিরেছে বলেও সরকার জানায়।

উপগ্রহচিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যানটরের বরাত দিয়ে জানানো হয়েছে, জাহাজটি রুশ নৌবাহিনীর ‘মার্কুরি’ নামের একটি করভেট (ছোট যুদ্ধজাহাজ)। রোববারের ছবিতে দেখা গেছে, জাহাজের বড় অংশ উল্টে ডুবে গেছে এবং শুধু সামনের অংশ পানির ওপরে জেগে আছে। ওপরের কাঠামো থেকে ধোঁয়া উঠছিল এবং জেটিতে প্রচুর ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিল।

রোববারের পরের দিকে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ বেনগাজির উপকূলের কাছে ড্রোনবোটের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। লিবিয়ার দুটি সামরিক সূত্র জানায়, নৌবাহিনী নাবিকদের উদ্ধার করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কয়েকজন নাবিক সামান্য আহত হলেও তাঁদের অবস্থা স্থিতিশীল। সন্ধ্যায় লিবিয়ার নৌ ও বিমানবাহিনী উপকূলের কাছে ২০টিরও বেশি ড্রোনবোট ঠেকিয়ে দেয় বলে ওই সূত্রগুলো জানায়।

পূর্বাঞ্চলীয় সরকার ঘটনাকে ‘জাতীয় সার্বভৌমত্বের ওপর গুরুতর আঘাত’ ও বন্দর নিরাপত্তার ‘নগ্ন লঙ্ঘন’ বলে নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়ার অধিকার লিবিয়া সংরক্ষণ করে। সরকার নিরাপত্তা ও সামরিক কর্তৃপক্ষকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে এবং ঘটনার উৎস ও পেছনের পক্ষ শনাক্তে রাশিয়ার সঙ্গে যৌথ তদন্ত চালানোর কথা জানিয়েছে।

লিবিয়া সরকার জোর দিয়ে বলেছে, তারা রুশ-ইউক্রেন যুদ্ধ বা দেশের বাইরের কোনো সশস্ত্র সংঘাতে পক্ষ নয় এবং নিজেদের বন্দর ও জলসীমাকে ‘হিসাব মেটানোর ক্ষেত্র’ হতে দেবে না। প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর ইউক্রেনীয় বাহিনী কৃষ্ণ সাগরে রুশ যুদ্ধজাহাজ ও নৌস্থাপনায় বারবার নৌ-ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।