চট্টগ্রামে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১১টার দিকে ট্রেনটি দেওয়ানহাটের ইয়ার্ড থেকে চট্টগ্রাম রেলস্টেশনে আসার সময় এ ঘটনা ঘটে। তখন ট্রেনে কোনো যাত্রী ছিল না।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার ট্রেনের বগিতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রেনটি কদমতলীতে পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দাহ্য পদার্থ ছুড়ে দুটি সিটে আগুন ধরিয়ে দেওয়া হয়। এক-দুই মিনিটের মধ্যেই রেলের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।
রেলওয়ে সূত্র জানায়, আগুনের ঘটনার পরও ট্রেনটি নির্ধারিত সময়ে চলাচল করেছে। ঢাকা মেইল রাত পৌনে ১২টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশের সদস্যরা স্টেশন এলাকায় গিয়ে ট্রেনটি পরিদর্শন করেন।
এর আগে শুক্রবার রাতে চাঁদপুর কোর্ট রেলস্টেশন-সংলগ্ন এলাকায় মেঘনা এক্সপ্রেস ট্রেনের পেছনের বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় দুটি আসন পুড়ে যায়। স্টেশনমাস্টার মারুফ হোসাইন জানান, বগি থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মচারী ও স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভান; বগির কাছে একটি বোতল পাওয়ার কথা জানান কর্মচারীরা।
চট্টগ্রামের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না বা কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।