রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে শাখা ছাত্রদল অবস্থান নেওয়ায় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। শনিবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, শনিবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফোরাম একটি আলোচনা সভার আয়োজন করে। সভা উপলক্ষে প্রকাশিত ক্রোড়পত্রে কয়েকটি বিষয়ে আপত্তি জানায় ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, ক্রোড়পত্রে শেখ হাসিনার নামের আগে ‘ফ্যাসিস্ট’ শব্দটি ব্যবহার করা হয়নি, ২০০৬ সালের লগি-বৈঠা আন্দোলনের ঘটনাকে ‘অভিযোগ’ হিসেবে উল্লেখ করা হয়েছে এবং জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়টি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
এসব অভিযোগে ছাত্রদল আলোচনা সভা বর্জন করে। সভা শেষে শিক্ষকরা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবন ‘জুবেরী’তে গেলে ভবনের সামনে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাঁরা ক্রোড়পত্র তৈরির সঙ্গে জড়িত শিক্ষকদের বহিষ্কার এবং ফোরামের কার্যক্রম স্থগিতসহ কয়েকটি দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে ফোরাম জরুরি কার্যনির্বাহী কমিটির সভা ডেকে কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয়।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ক্রোড়পত্রে ১৯৭১ সালের ২৭ মার্চ শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং ২৬ মার্চের প্রেক্ষাপট ‘কৌশলে আড়াল’ করা হয়েছে। তাঁর দাবি, লেখার সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং সংগঠন থেকে বহিষ্কৃত হতে হবে। তিনি আরও বলেন, ফোরামের বর্তমান কমিটি পুনর্গঠন করে জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী শিক্ষকদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে এবং ততদিন ফোরামের নামে কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হবে না।
ছাত্রদলের এসব দাবির বিষয়ে ফোরামের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। কার্যক্রম কত দিন স্থগিত থাকবে, সে বিষয়েও সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।