মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

গাজীপুরে মজুরির দাবির আন্দোলন আরও ছড়াল: কোনাবাড়ীতে মৃত্যুর গুজবে সড়ক অবরোধ, কাঁদানে গ্যাস-সাউন্ড গ্রেনেড

নিম্নতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিকদের বিক্ষোভ মঙ্গলবার আরও কয়েকটি এলাকায় ছড়িয়েছে; ২৩ কারখানায় ছুটি, ৩২টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ।

পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে চলমান আন্দোলন মঙ্গলবার আরও ছড়িয়ে পড়েছে। সকাল থেকে গাজীপুর সদর, কোনাবাড়ী, জরুন, মাস্টারবাড়ী, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, টঙ্গীর কয়েকটি এলাকা, কাশিমপুর ও শ্রীপুরে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন ও সড়ক অবরোধ করেছেন।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে সকালে ইসলাম গার্মেন্টসের একজন শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এর পর ওই কারখানা ও রিপন গার্মেন্টসের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আশপাশে জড়ো হন। তাঁরা লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়ক অবরোধ করেন। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন; পরে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সকাল পৌনে ১০টার দিকে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। কালিয়াকৈরের মৌচাক এলাকায়ও শ্রমিকদের কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করা হয়। এখন ওই এলাকাগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সকালে গাজীপুরে ২৩টি কারখানায় ছুটি ও ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শ্রমিক নেতারা বলেছেন, গাজীপুরের প্রায় ৫০ শতাংশ পোশাক কারখানায় ছুটি দেওয়া হয়েছে। বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ও বিঘ্নিত হয়েছে এবং যাত্রী ও চালকেরা আটকে পড়েছেন।

এর আগে শ্রীপুরে মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকেরা কয়েক দফা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের সভা চলছে।