‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে নওগাঁর মহাদেবপুর ও রাণীনগর উপজেলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুই উপজেলায় র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।
মহাদেবপুর: উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল। তিনি বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে। কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়াতে সমবায়ের ভূমিকা আরও বিস্তৃত করার ওপর তিনি গুরুত্ব দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা পলাশ কুমার প্রামাণিক। বক্তব্য দেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকসহ স্থানীয় সমবায় সমিতির নেতারা।
সভা শেষে শিয়ালী অর্পণ কৃষি উন্নয়ন সমবায়ী সমিতি লিমিটেডের সভাপতি মো. আব্দুল কাদের, আকজ বহুমুখী সমবায়ী সমিতি লিমিটেডের সভাপতি মো. হাসানুজ্জামান এবং ইউনিক কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সদস্য মো. জহুরুল ইসলামকে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
রাণীনগর: সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা হয়, যাতে সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার। বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ ও স্থানীয় বিএনপির নেতারা।
বক্তারা অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ জনপদের আর্থসামাজিক অগ্রগতিতে সমবায়ের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। আলোচনা সভা শেষে উপজেলার সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী পাঁচটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।