রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন জানিয়েছেন, রাজশাহীর ক্রীড়া অবকাঠামো উন্নয়নে ২১টি খেলার মাঠ ও ১৬টি ফুটসাল গ্রাউন্ড তৈরি করা হচ্ছে। একই সঙ্গে, হাইটেক পার্ক সংলগ্ন মাঠের গ্যালারি, ড্রেসিং রুম, সুইমিং পুলসহ অন্যান্য অবকাঠামোর উন্নয়নেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে হাইটেক পার্ক সংলগ্ন মাঠে কিশোর ফুটবল একাডেমি রাজশাহী এবং সোনালী অতীত ক্লাব লালবাগ, ঢাকার মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিটন জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে তারা মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে। এর মাধ্যমে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, সুন্দর ও স্বাস্থ্যবান আধুনিক রাজশাহী গড়ার কাজ চলছে।
তিনি আরও বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। নতুন খেলোয়াড় তৈরির জন্য 'নতুন কুঁড়ি স্পোর্টস' চালু করা হয়েছে এবং সাবেক খেলোয়াড়দের সম্মানীর ব্যবস্থা করা হচ্ছে। হাইটেক পার্ক সংলগ্ন মাঠের গ্যালারি, ড্রেসিং রুম, সুইমিং পুল ও অন্যান্য অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ও দেশ ট্রাভেলসের স্বত্বাধিকারী মোঃ বায়েজুল রহমান রতন সভাপতিত্ব করেন। এছাড়াও, বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক মাজিউল আহসান হিমেল, মতিহার থানা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন বাবু ও অফিস ইনচার্জ মইদুর রহমান মইদসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এই প্রীতি ফুটবল ম্যাচে কিশোর ফুটবল একাডেমি রাজশাহী সোনালী অতীত ক্লাব লালবাগ, ঢাকাকে ৩-০ গোলে পরাজিত করে। খেলা শেষে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।