দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।
বুধবার গাজীপুরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়কে শিশুদের জন্য আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে হবে।
শিশুদের বিকাশ নিয়ে তিনি বলেন, সারাক্ষণ বইয়ের মধ্যে আটকে রাখলেই মেধার বিকাশ ঘটে না; খেলাধুলা, শরীরচর্চা ও পারস্পরিক মিথস্ক্রিয়া শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও চিন্তাশক্তি বাড়াতে ভূমিকা রাখে। তাই অভিভাবকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সন্তানদের পর্যাপ্ত খেলাধুলার সুযোগ দিতে।
প্রশাসনিক সংস্কার প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে নতুন প্রশাসনিক নীতিমালা তৈরির কাজ চলছে। এই নীতিমালায় কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় নতুন করে পর্যালোচনা করা হচ্ছে, যাতে প্রাথমিক শিক্ষা প্রশাসন আরও কার্যকর ও সুশৃঙ্খল হয়। এ ধরনের সংস্কারে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় সাহস ও সহযোগিতা জুগিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।