বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

মাত্র এক পদক্ষেপেই কমলো ঢাকার যানজট

বনানী সিগনাল বন্ধ ও একমুখী সড়ক চালুর ফলে উল্লেখযোগ্যভাবে কমেছে যানজট

ফাইল ফটো
ছবি: ফাইল ফটো । সংগৃহীত

রাজধানীর বনানী সিগনাল বন্ধ করে একমুখী সড়ক চালুর পর যানজট অনেকটাই কমেছে। আগে যেখানে মহাখালী থেকে বনানী যেতে তিন-চারটি সিগনালে ২০–৩০ মিনিট অপেক্ষা করতে হতো, এখন সময় অর্ধেকে নেমে এসেছে।

ঢাকার চিরচেনা যানজট যেন হঠাৎ করেই অনেকটা কমে গেছে। রাজধানীর বনানী সিগনাল তুলে দিয়ে একমুখী সড়ক চালুর সিদ্ধান্তে যাত্রী ও চালকরা স্বস্তি পাচ্ছেন।

স্থানীয় যাত্রীরা জানান, আগে মহাখালী থেকে বনানী পৌঁছাতে দীর্ঘ যানজটের কারণে ভোগান্তি পোহাতে হতো। এখন সেখানে ১৫ থেকে ২০ মিনিট সময় সাশ্রয় হচ্ছে। এক যাত্রী বলেন, “আগে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে আটকে থাকতে হতো, এখন অনেকটাই সহজ হয়েছে। এতে আমাদেরও সুবিধা হচ্ছে।”

ঢাকা ক্লাব ও চেয়ারম্যানবাড়ি এলাকায় একাধিক ইউ-টার্ন বন্ধ করে দেওয়া হয়েছে এবং মহাখালী থেকে বনানী কাঁচাবাজারের মাঝপথও বন্ধ করা হয়েছে। এতে যান চলাচলে গতি ফিরে এসেছে। সিগনাল তুলে দেওয়ায় ট্রাফিক পুলিশ সদস্যদেরও কাজ সহজ হয়েছে।

এখন কাকলি–মহাখালী রুটেও যানজট অনেকটা কমে এসেছে। আগে কুড়িল থেকে কাকলি যেতে যেখানে অন্তত ৩০ মিনিট সময় লাগত, এখন তা প্রায় অর্ধেকে নেমে এসেছে।

শুধু বনানী নয়, রাজধানীর আরও প্রায় ৭০টি সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে পরিবর্তন এনেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এর ফলে গুলিস্তান, বসিলা, বিজয়নগর ও বনানী কবরস্থান ক্রসিংসহ বিভিন্ন এলাকায় যান চলাচলে গতি এসেছে।

ট্রাফিক বিভাগের দাবি, এসব পরিবর্তনের কারণে শুধু যানবাহন চলাচলই নয়, পথচারীরাও এখন আগের তুলনায় বেশি সচেতন হয়ে সড়ক ব্যবহার করছেন।