বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রামেক হাসপাতালে প্রথমবার হার্ট অ্যাটাকের পরপরই জরুরি প্রাইমারি পিসিআই, গোদাগাড়ীর রোগীর হৃৎপিণ্ডে রিং স্থাপন

কার্ডিওজেনিক শকে সংকটাপন্ন ৫৫ বছর বয়সী রোগীর বন্ধ রক্তনালি খুলে দিয়েছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা; রোগী এখন স্থিতিশীল।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে তীব্র হার্ট অ্যাটাকে আক্রান্ত এক রোগীর জরুরি প্রাইমারি পিসিআই (পারকিউটেনিয়াস করোনারি ইন্টারভেনশন) সম্পন্ন হয়েছে। হৃৎপিণ্ডের বন্ধ রক্তনালিতে রিং স্থাপনের পর ৫৫ বছর বয়সী ওই রোগী এখন স্থিতিশীল আছেন। রোগীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হাসপাতালের ক্যাথল্যাবে রোগী কাজলের এই চিকিৎসা দেওয়া হয়। হঠাৎ তীব্র বুকব্যথা শুরু হওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যে তাঁকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা ও ইসিজিতে তীব্র হার্ট অ্যাটাক (অ্যাকিউট ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন) শনাক্ত হয়। একই সঙ্গে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে গিয়ে তিনি কার্ডিওজেনিক শকে আক্রান্ত হন। তখন তাঁর রক্তচাপ নেমে এসেছিল ৬০/৪০-এ।

পরিস্থিতি সংকটাপন্ন হওয়ায় কার্ডিওলজি বিভাগের চিকিৎসকেরা দ্রুত তাঁকে ক্যাথল্যাবে নেওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে সরু নলের সাহায্যে হৃৎপিণ্ডের বন্ধ রক্তনালিতে রিং স্থাপন করা হয়। এই পদ্ধতি প্রাইমারি পিসিআই নামে পরিচিত; এতে বন্ধ রক্তনালি খুলে দিয়ে হৃৎপিণ্ডে রক্ত চলাচল আবার চালু করার চেষ্টা করা হয়।

চিকিৎসকেরা জানান, রামেক হাসপাতালে হার্ট অ্যাটাকের পরপরই জরুরি ভিত্তিতে প্রাইমারি পিসিআই করার ঘটনা এটিই প্রথম। চিকিৎসায় নেতৃত্ব দেন কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেজাউল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন ডা. আব্দুল মালেক, ডা. সাইফুল ইসলাম, ডা. রাশেদসহ বিভাগের অন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

চিকিৎসকদের ভাষ্য, রিং স্থাপনের পর রোগীর রক্তচাপ বেড়ে ১২৫/৮০-তে দাঁড়িয়েছে। বর্তমানে তিনি বুকব্যথামুক্ত এবং স্থিতিশীল অবস্থায় আছেন। হার্ট অ্যাটাকের প্রথম কয়েক ঘণ্টায় বন্ধ রক্তনালি খুলে দিতে পারলে হৃৎপিণ্ডের ক্ষতি কমানো সম্ভব হয়। রাজশাহী অঞ্চলের হৃদরোগীদের জন্য এ সক্ষমতা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।