ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছেন মো. কাউসার মিয়া নামে হত্যা মামলার এক আসামি। মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১–এর এজলাসে এ ঘটনা ঘটে। তিনি রাজধানীর দক্ষিণখান থানার একটি হত্যা মামলার আসামি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাসির আহম্মেদ জানান, মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায় কাউসারকে আদালতে হাজির করা হয়েছিল। হাতকড়া পরিয়ে তাঁকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। তবে সাক্ষী উপস্থিত না হওয়ায় সেদিন সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। এর কিছুক্ষণ পর তিনি কৌশলে হাতকড়া খুলে কাঠগড়া থেকে পালিয়ে যান।
আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা জানান, মামলাটির বিচার চলছে এবং সাক্ষ্য গ্রহণের জন্য সকালে কাউসারকে কারাগার থেকে আদালতে আনা হয়েছিল। প্রথমে হাজতখানায় রাখা হলেও পরে হাতকড়া পরা অবস্থায় তাঁকে কাঠগড়ায় নেওয়া হয়। ওই সময় পাহারার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত।
পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, কাঠগড়ায় থাকা একজন আসামি কীভাবে হাতকড়া খুলে পালিয়ে গেলেন, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
পুলিশ কর্মকর্তারা জানান, এর আগেও আদালত চত্বর থেকে আসামি পালিয়ে যাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। তবে এবার আদালতের এজলাসে সরাসরি কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানোর ঘটনা ঘটল।