রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

কুয়েতে দুর্ঘটনায় নিহত হবিগঞ্জের জিয়াউর রহমানের লাশ ১২ দিন পর দেশে, শোকে স্তব্ধ গ্রাম

তিন সন্তানের জনক জিয়াউর রহমান গত ১২ অক্টোবর কুয়েতে মারা যান; রোববার সকালে লাশ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাহুবলের আব্দুল্লাহপুর গ্রাম।

জীবিকার তাগিদে কুয়েতে পাড়ি জমানো জিয়াউর রহমান জিয়ার লাশ মৃত্যুর ১২ দিন পর দেশে ফিরেছে। রোববার সকালে হবিগঞ্জের বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে তাঁর লাশ পৌঁছালে স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রতিবেশীদের শোকে স্তব্ধ হয়ে পড়ে গ্রামটি।

জিয়াউর রহমান ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর কুয়েতে এক দুর্ঘটনায় তিনি মারা যান। এর পর থেকেই তাঁর লাশের অপেক্ষায় দিন গুনছিলেন স্বজনেরা। দুর্ঘটনার বিস্তারিত বিবরণ পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।

তিন সন্তানের জনক জিয়াউর রহমানের মৃত্যুতে পুরো পরিবার এখন দিশাহারা। তাঁর বড় ভাই ও স্থানীয় মিরপুর বাজারের ব্যবসায়ী সাজিদুর রহমান জানান, রোববার বাদ আসর আব্দুল্লাহপুর গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জিয়াউর রহমানের দাফন সম্পন্ন করা হবে।

পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা তাঁর মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।