হরমুজ প্রণালিতে আরও একটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরেছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। বুধবারের এ ঘটনাকে ঘিরে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থার সূত্রে বলা হয়, জাহাজটি প্রণালির একটি ‘নিষিদ্ধ এলাকায়’ মাইনের আঘাত পায়। এর আগে ইরানের রেভল্যুশনারি গার্ডের নৌবাহিনী জানিয়েছিল, একই দিন দুটি তেলবাহী জাহাজ মাইনে আঘাত পেয়ে বিস্ফোরিত হয়ে আগুন ধরে। এসব তথ্য ইরানের দাবি, স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
রেভল্যুশনারি গার্ডের নৌবাহিনীর ভাষ্য, জাহাজগুলো প্রণালির ‘অননুমোদিত পথ’ ব্যবহারের চেষ্টা করছিল। আরেকটি বিবৃতিতে ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানান, প্রণালিতে নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদারে নতুন ব্যবস্থা বসানো হয়েছে এবং পুরোনো ব্যবস্থা উন্নত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় না করে চলাচল করা জাহাজগুলো সাম্প্রতিক সপ্তাহে বেশি ঝুঁকির মুখে পড়েছে এবং মাইনে আঘাত পেয়েছে।
আকরামিনিয়া ইরানের সেনাবাহিনীর বিমানবাহিনীর কমান্ডার ও কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে বলেন, সেনাপ্রধানের নির্দেশে প্রণালিতে আরও কঠোর নিয়ন্ত্রণ ও নজরদারি কার্যকর করা হয়েছে এবং এ কার্যক্রম পূর্ণ শক্তিতে চলবে। জাহাজমালিকদের তিনি সতর্ক করে বলেন, প্রণালি দিয়ে নিরাপদে চলতে হলে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করতে হবে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের তৎপরতাকে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের ‘হাইব্রিড যুদ্ধ’ বলে অভিহিত করেন।
এদিকে তেহরান ওয়াশিংটনকে জানিয়েছে, তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত প্রণালিতে স্বাভাবিক জাহাজ চলাচল ফিরবে না। দাবির মধ্যে রয়েছে ইরানের বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ তুলে নেওয়া এবং সব ফ্রন্টে যুদ্ধের অবসান। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো এক প্রস্তাবে তেহরান বলেছে, ওয়াশিংটন শর্ত পূরণ করলে ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালি আবার খুলে দেওয়া হবে।