বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

১৪ দিনে ব্যবসায়িক অনুমোদনের পরিকল্পনা, রপ্তানি বহুমুখী করতে বিশ্বব্যাংকের সহায়তা চাইল সরকার

বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী পোশাকনির্ভরতা কমিয়ে নতুন রপ্তানি খাত গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।

ব্যবসা পরিচালনার জটিলতা কমানো, সরকারি সেবা সম্পূর্ণ অনলাইনভিত্তিক করা এবং তৈরি পোশাক খাতের ওপর নির্ভরতা কমিয়ে নতুন রপ্তানি খাত গড়ে তোলার লক্ষ্যে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বে আসা আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণকে সামনে রেখে আগামী তিন বছরের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। এর আওতায় বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের নাগরিক ও ব্যবসায়িক সেবা ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো পোর্টালের মাধ্যমে অনলাইনে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) নিতে একাধিক দপ্তরে যেতে হয়। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পুরো প্রক্রিয়া ১৪ দিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

রপ্তানি পণ্যের বহুমুখীকরণকে অর্থনীতির অন্যতম প্রধান অগ্রাধিকার উল্লেখ করে মন্ত্রী জানান, তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ, জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ এবং লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাভার চামড়াশিল্প নগরীতে লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ অর্জনের জন্য নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপনের পরিকল্পনার কথাও তিনি জানান।

মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনার অগ্রগতির কথা বলেন মন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা চলছে। আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে বলেও তিনি জানান।

বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং মুক্ত বাণিজ্য চুক্তিসংক্রান্ত গবেষণায় সহায়তার জোরালো আশ্বাস দেন। বিশ্বব্যাংকের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণকে সামনে রেখে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কারের ওপর জোর দিয়ে ভিয়েতনামের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।