তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ সোমবার অনুষ্ঠিত হবে। ঢাকার সেগুনবাগিচায় সকাল ১১টায় শুরু হতে যাওয়া সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি প্রাথমিক মজুরি প্রস্তাব উপস্থাপন করবেন বলে জানা গেছে।
মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে পোশাকশ্রমিকেরা আন্দোলনে নামেন। এরপর ১ নভেম্বর মজুরি পুনর্নির্ধারণে মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের প্রথম সভা হয়েছে গত বুধবার। সেই সভায় বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের আলোচনার সুবিধার জন্য দুজন করে বিশেষজ্ঞ সঙ্গে রাখার অনুমতি দিয়েছিলেন। আজকের সভাতেও তাঁরা তা করবেন বলে জানা গেছে।
বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন, আর শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার। স্থায়ী সদস্য হিসেবে শ্রমিকপক্ষে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।
বাবুল আখতার রোববার রাতে জানান, গত কয়েক দিনে তাঁরা শ্রমিকনেতাদের ১২টি জোট, ৬০টি ফেডারেশন এবং কারখানা পর্যায়ের সক্রিয় ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। সোমবার প্রাথমিক প্রস্তাব দেওয়া হবে, বিস্তারিত প্রস্তাব পরে আসবে। নিম্নতম মজুরির অঙ্ক কত হবে জানতে চাইলে তিনি বলেন, তা ৩০ হাজার টাকার বেশি হবে।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সোমবারের সভায় প্রস্তাব দেওয়া হবে কি না, তা তিনি নিশ্চিত নন। তাঁর ভাষ্য, যেসব কারখানা চালু করা যায়নি সেগুলোর মালিকদের সঙ্গে তাঁরা বৈঠক করেছেন; গত সপ্তাহের তুলনায় বিক্ষোভ কমে আসায় মালিকেরা কারখানা চালাতে চান।
এদিকে রোববার সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৩৮টি কারখানার শ্রমিকেরা কাজ না করায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করেছে। সাভার-আশুলিয়ার অধিকাংশ কারখানার শ্রমিক শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ রাখায় সেখানে ছুটি দেওয়া হয়। সকাল সাড়ে ১০টার দিকে কিছু শ্রমিক আবদুল্লাহপুর থেকে বাইপাইল সড়কে অবস্থান নেন; পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।