রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চার সদস্যকে খুনের ঘটনায় দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) চুরির প্রসঙ্গ আসায় বিস্ময় প্রকাশ করেছেন মামলার বাদী গোপিনাথ চক্রবর্তী। তিনি নিহত গণপতির বড় ভাই। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় অভিযোগপত্রের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
এর আগে একই দিন দুপুরে সংবাদ সম্মেলন করেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ। তিনি জানান, মাদক সেবন দেখে ফেলায় নয়, চুরির উদ্দেশ্যে গিয়ে বাধাগ্রস্ত হওয়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী, মেয়ে ও ছেলেকে হত্যা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী এ ঘটনায় দুই প্রতিবেশী অভিযুক্ত। কমিশনার আরও জানান, ৩৫টি আলামতের ফরেনসিক রিপোর্টে ছয়জনের উপস্থিতি পাওয়া গেছে; তাঁদের মধ্যে চারজন মারা গেছেন, বাকি দুজন অভিযুক্ত। অভিযোগপত্রে ৬৬টি আলামত ছাড়াও ৫৩ জন সাক্ষীর সাক্ষ্য এবং ডিজিটাল নথি উপস্থাপন করা হয়েছে। তাঁর দাবি, পেশাদারির সঙ্গে অকাট্য যুক্তি দিয়ে অভিযোগপত্র তৈরি করা হয়েছে।
গোপিনাথ চক্রবর্তী বলেন, ‘এত দিন শুনে আসলাম যে ছাদের ওপর মাদক খাচ্ছিল ও দেখে ফেলার অপরাধে খুন। আজকে আবার সংযোজন করছে চুরি করতে গিয়েছিল। এর আগে কোনো দিন চুরির কথা ছিল না।’ তিনি আক্ষেপ করে বলেন, অভিযুক্ত দুজনকে কোনো দিন সাংবাদিকদের মুখোমুখি করা হয়নি, পুলিশ তাঁদের রিমান্ডেও নেয়নি।
অভিযোগপত্রে সন্তুষ্ট কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সন্তুষ্ট থাকা লাগবে। অসন্তুষ্ট হয়ে লাভ আছে? আমাদের মতো অসহায় মানুষগুলোর কী করার আছে?’ অভিযোগপত্রে নারাজি দেবেন কি না, এমন প্রশ্নে তিনি জানান, আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে দেখবেন; এখনো সিদ্ধান্ত হয়নি। উল্লেখ্য, অভিযুক্তদের দোষ এখনো আদালতে প্রমাণিত হয়নি।