কুমিল্লার লালমাই উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই সংসদ সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ভুশ্চি বাজারে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ও কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীরা সংঘর্ষে জড়ান। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমাইয়ের হরিশ্চরে র্যালি ও সমাবেশ ছিল। সেখানে যোগ দিতে যাওয়ার পথে ভুশ্চি বাজারে স্বেচ্ছাসেবক দলের কর্মী আলমগীর হোসেনকে মারধরের অভিযোগ ওঠে মনিরুল হক চৌধুরীর অনুসারীদের বিরুদ্ধে। খবর ছড়িয়ে পড়লে মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সন্ধ্যায় হরিশ্চরের অনুষ্ঠান শেষে ফেরার পথে দুই পক্ষ আবার মুখোমুখি হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে মনিরুল হক চৌধুরীর অনুসারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ উদ্দিন ও শামীম ইকবাল এবং মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী যুবদল কর্মী মামুন ও সাদ্দাম হোসেনের নাম জানা গেছে। কলমিয়া গ্রামের এক পথচারী যুবকও আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
খবর পেয়ে লালমাই থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। তবে সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।