নরসিংদীর শিবপুর উপজেলায় চাঁদা না দেওয়ায় নবী হোসেন নামের এক পরিবহন ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলার পুটিয়া ইউনিয়নের উত্তর কারারচর গ্রামে এ ঘটনা ঘটে। আহত নবী হোসেন ওই গ্রামের ফজর রহমানের ছেলে। তিনি পণ্য পরিবহনের ব্যবসা করেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে সন্ধ্যায় সানিসহ ছয়-সাতজনের একটি সশস্ত্র দল নবী হোসেনের বাড়িতে গিয়ে তাঁর ছোট ভাই মনির হোসেনকে খুঁজতে থাকে। মনিরকে না পেয়ে হামলাকারীরা নবী হোসেনের ওপর চড়াও হয় এবং একপর্যায়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে। তাঁকে বাঁচাতে এলে তাঁর স্ত্রী ও মেয়েও আহত হন।
প্রতিবেশীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। নবী হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
নবী হোসেনের স্ত্রী অভিযোগ করেন, সানি, নয়ন ও রব্বির নেতৃত্বে সশস্ত্র লোকজন গুলি করতে করতে বাড়িতে ঢুকে দেবর মনিরকে খুঁজতে থাকে। তাঁকে না পেয়ে তাঁরা স্বামীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় চাপাতি দিয়ে কুপিয়ে ও পেটে গুলি করে তাঁকে গুরুতর আহত করা হয়। পরিবারের ভাষ্য অনুযায়ী, লোকজন জড়ো হতে থাকলে হামলাকারীরা হুমকি দিয়ে চলে যায়। অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।