জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আগুন লাগার ঘটনায় অধিকতর তদন্তের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। আগুনের সূত্রপাত বা প্রকৃত কারণ সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে না পারায় কমিটি এ সুপারিশ করেছে। সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ বিশ্লেষণ করে সেগুলো আরও তদন্তের জন্য বলা হয়েছে।
এক দফা সময় বাড়ানোর পর বুধবার ভোরে তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে। দুপুরের মধ্যে সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর কথা। কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের কাজ শেষে কমিটির সদস্যরা বৈঠকে বসে প্রতিবেদন তৈরি করেছেন। ১৫ থেকে ২০ পৃষ্ঠার প্রতিবেদন সিলগালা করে একজন কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর বেশি কিছু বলা যাবে না এবং মন্ত্রণালয় এখন কী করবে, তা-ও তিনি বলতে পারবেন না বলে জানান।
তদন্তসংশ্লিষ্ট একাধিক সদস্যের বরাতে জানা গেছে, প্রতিবেদনে আগুনের সম্ভাব্য কারণ হিসেবে ঘরের ভেতরে সিগারেট বা কয়েলের আগুনের কথা বলা হয়েছে। এ ছাড়া ঘরের পুরোনো বৈদ্যুতিক তার থেকেও আগুন লাগার আশঙ্কা আছে। কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য দাবি করেন, পেট্রলবোমা থেকে আগুন লাগার সম্ভাবনা খুবই কম এবং প্রতিবেদনে এ বিষয়টিও উল্লেখ আছে। তদন্তের অংশ হিসেবে বাড়ির বাসিন্দা ও আশপাশের কয়েকজনের দীর্ঘ বক্তব্য নেওয়া হয়েছে, যা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
গত ১১ নভেম্বর গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগে। এ ঘটনায় বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের স্থানীয় নেতা-কর্মীদের আসামি করে দৌলতপুর থানায় মামলা করেন তিনি। পরদিন ১২ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। পরে ১৬ নভেম্বর থেকে আরও সাত কর্মদিবস সময় নেয় কমিটি; মঙ্গলবার ছিল বর্ধিত সময়ের শেষ দিন।
কমিটির অন্য তিন সদস্য হলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশনস) মেজর আসরারুল হক, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন।