গত মঙ্গলবার (৫ আগস্ট) রাতে রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস সংলগ্ন জাদুঘরগামী সড়কের পাশে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশে ফুটপাতের একটি অংশ দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় পড়ে আছে। রাতের অন্ধকারে ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় ইয়াসির আরাফাত অসাবধানতাবশত খোলা ড্রেনে পড়ে যান।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বহুবার অভিযোগ করার পরও ফুটপাতের এই ঝুঁকিপূর্ণ স্থান মেরামত করা হয়নি। তাদের আশঙ্কা, অবহেলা চলতে থাকলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
শহরের নাগরিকরা দ্রুত এই ধরনের খোলা ড্রেন ঢেকে দেওয়ার এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।