রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, সব রুটে চলাচল বন্ধ; ইজিবাইকে দ্বিগুণ ভাড়ায় যাত্রীরা

মহাসড়কে অটোরিকশা চলাচল নিয়ে বিরোধের জেরে রোববার সকাল ৭টা থেকে ধর্মঘটে নেমেছেন পরিবহন শ্রমিকেরা; অটোরিকশা মালিকেরা পাল্টা অভিযোগ তুলেছেন।

বাস ও সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকদের বিরোধের জেরে নওগাঁয় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডেকেছেন পরিবহন শ্রমিকেরা। রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা সব রুটে বাস চলাচল বন্ধ আছে। কোনো পূর্বঘোষণা ছাড়া হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ যাত্রীরা বিপাকে পড়েছেন।

সকাল ১০টার দিকে নওগাঁ শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, রাজশাহীসহ দূরপাল্লা বা অভ্যন্তরীণ কোনো রুটের বাস ছেড়ে যাচ্ছে না। টার্মিনালে সারিবদ্ধ বাস দাঁড়িয়ে আছে আর যাত্রীরা বিকল্প যানের খোঁজে ছোটাছুটি করছেন। বাধ্য হয়ে অনেকে ব্যাটারিচালিত ইজিবাইকে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন; এতে সময় বেশি লাগছে, ভাড়াও গুনতে হচ্ছে দ্বিগুণ।

জরুরি কাজে রাজশাহী যেতে বের হয়ে বাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন শহরের বাসিন্দা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, কিছুদিন আগেই বাস বন্ধ রেখে সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছে, সেই রেশ কাটতে না কাটতেই আবার ধর্মঘট। নিজেদের মধ্যে ঝামেলা হলে ঘোষণা ছাড়া বাস বন্ধ করে দেওয়া হয়, আর তার খেসারত দিতে হয় যাত্রীদের।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, সরকারি আইন অনুযায়ী মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ। প্রশাসন ও শ্রমিক ইউনিয়ন বারবার নিষেধ করলেও অটোরিকশাচালকেরা তা মানছেন না, এতে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। বাস মালিক ও শ্রমিক সমিতির সম্মতিতেই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত বাস চলবে না। তিনি জানান, গত সেপ্টেম্বরে যাত্রী তোলা নিয়ে দ্বন্দ্বের জেরে বালুডাঙ্গা ও পত্নীতলার নজিপুরে বাসচালক ও সহকারীর ওপর হামলার পর তিন দিন ধর্মঘট হয়েছিল। পরে প্রশাসনের মধ্যস্থতায় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কে অটোরিকশা বন্ধ রাখার কথা হলেও তা মানা হচ্ছে না বলে তাঁর অভিযোগ।

অন্যদিকে নওগাঁ অটোরিকশা মালিক সমিতির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম বলেন, বাস মালিক ও শ্রমিকেরা বারবার সাধারণ মানুষ ও প্রশাসনকে জিম্মি করে অযৌক্তিক দাবি আদায় করেন। তাঁর দাবি, গত সেপ্টেম্বরে প্রায় ২০টি অটোরিকশা ভাঙচুর করা হয়েছিল। প্রশাসনের সিদ্ধান্ত অমান্যের অভিযোগও তিনি নাকচ করে বলেন, সেদিনের বৈঠকে প্রশাসন কেবল একটি সময়ের প্রস্তাব দিয়েছিল, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।