বিশ্ব সামরিক ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ’-এর স্বাগতিক হচ্ছে বাংলাদেশ। ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে আট দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা (সিআইএসএম) এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে প্রতিযোগিতাটির আয়োজন করা হচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, নেদারল্যান্ডস, ভারত, শ্রীলঙ্কা ও স্বাগতিক বাংলাদেশ।
সিআইএসএম প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের নিস শহরে। সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই সংস্থাটির মূল লক্ষ্য। বর্তমানে এর সদস্য দেশ ১৪২টি।
বাংলাদেশ ১৯৭৬ সালে সিআইএসএমের ৪১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে দেশের সশস্ত্র বাহিনী সংস্থাটির বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে। এর আগে ২০২৪ সালে ঢাকায় তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আর্চারি চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করেছিল বাংলাদেশ।
আইএসপিআর আরও জানায়, এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও সাংগঠনিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও আতিথেয়তা তুলে ধরার পাশাপাশি দেশের ক্রীড়া ও পর্যটন সম্ভাবনা তুলে ধরার সুযোগ তৈরি হবে।